MUHAMMAD AMANULLAH

মোট ৬ টি রিভিউ লিখেছেন ২২ দিন আগে রিভিউটি পোস্ট হয়েছে

দৃষ্টিভঙ্গির এপার-ওপার

আরিফ আজাদ ভাই তাঁর মনের কথা, তাঁর আকুতি-মিনতি এবং এই জংধরা সমাজের প্রতি প্রতিবাদ প্রকাশ করেছেন। মানুষের ক্ষমতার লোভ-লালসায় ভরা এই পৃথিবীর প্রতিও তিনি ধিক্কার জানিয়েছেন। ফিলিস্তিনি মানুষের সাথে ইসরায়েলের করা নৃশংস আচরণ, অন্যায়ের কথা, ফিলিস্তিনিদের করুণ পরিণতি, ২০২৪ সালে বাংলাদেশে ঘটে যাওয়া জুলাইয়ের ঘটনাসহ নানা বিষয়—সব মিলিয়ে মোট ৩১টি কবিতার মাধ্যমে তা কথা বলো যয়তুন বৃক্ষ বইয়ে প্রকাশ পেয়েছে।

বইটি ফিলিস্তিনিদের স্মরণ করে, বাংলাদেশের জুলাই বিপ্লবীদের স্মরণ করে লেখা। এটি শুধু একটি বই নয়—একটি অদৃশ্য যয়তুন বৃক্ষ; যার প্রতিটি পাতা আমাদের হয়ে কথা বলে। যে কথার কোনো আওয়াজ নেই, তবে দৃশ্যমান অক্ষর আছে, গভীর অর্থ আছে। এই বইটি প্রতিটি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর—লিখিত প্রতিবাদের জীবন্ত এক দলিল।

পাঠপ্রতিক্রিয়া:
কথা বলো যয়তুন বৃক্ষ বইটি আমি ইসলামি বইমেলা–২০২৫ থেকে সংগ্রহ করি। মাঝে মাঝে সূচিপত্র দেখে বাছাই করে কয়েকটি কবিতা পড়েছি ঠিকই, কিন্তু পুরো বইটি কখনো শেষ করা হয়নি। তো আরিফ আজাদ-এর “কহেন” প্রতিযোগিতায় বইটির রিভিউয়ের কথা শুনে পুরো বইটি ৪০ মিনিটে শেষ করেছি। আমি নিজেই অবাক—মাত্র ৪০ মিনিটে একটি কবিতার বই পড়ে শেষ করেছি।

কবিতার বই আমি তেমন বেশি পড়ি না। সত্যি বলতে, কবিতার লাইনগুলো মারাত্মক সুন্দর ও হৃদয়স্পর্শী। আস্তে আস্তে যত সামনে এগোচ্ছিলাম, ততই আমার গলা ভারী হয়ে আসছিল। কোথা থেকে যেন নিজের অজান্তেই কণ্ঠে এক ধরনের জোর চলে আসছিল। মনে হচ্ছিল—এটা আমার কণ্ঠ নয়, বরং একটি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর।

বইটি পড়ার সময় বাংলাদেশের সেই জুলাইয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। ‘ঈদ’ কবিতায় ফিলিস্তিনি কিশোরীর কয়েক দিন না খাওয়া সেই ক্ষুধার্ত চেহারাটা যেন চোখের সামনে ভেসে উঠেছিল। কথা বলো যয়তুন বৃক্ষ বইটির ১৭ নম্বর কবিতা “অভিশাপ”—অত্যাচারীদের নির্মমতা দেখে আর না থাকতে পেরে এই কবিতার মাধ্যমে আরিফ আজাদ ভাই রাগে, ক্ষোভে ও দুঃখে প্রতিবাদ জানিয়ে জুলাইয়ের সেইসব জুলুমকারীদের অভিশাপ দিয়েছেন। এই কবিতাগুলো পড়ে আমার মনে হচ্ছিল যেন আমার নিজের অনুভূতিরই বহিঃপ্রকাশ।

“বইটি নিয়ে সমালোচনা করার মতো কিছু পাইনি। আর ‘স্বয়ং আল্লাহকে ভালোবাসে’ যে লেখা—সেই লেখা নিয়ে সমালোচনা করার দুঃসাহস আমার নেই।”

বইটি কারা পড়তে পারে:
বইটি ইসলামি বইপ্রেমীদের জন্য, আর যারা কবিতা পড়তে পছন্দ করেন তাদের জন্য। বিশেষ করে যারা আরিফ আজাদ ভাইয়ের লেখা পছন্দ করেন, তাদের জন্য এই বইটি পড়া অবশ্যই আনন্দদায়ক হবে।

এই বইয়ের আরও রিভিউ

অন্যান্য রিভিউ

সব রিভিউ দেখুন