MUHAMMAD AMANULLAH

মোট ৬ টি রিভিউ লিখেছেন ২২ দিন আগে রিভিউটি পোস্ট হয়েছে

যে সফর প্রত্যেকেরই স্বপ্ন

“উমরাহ সফরের গল্প” বইটিতে লেখক শুরু থেকে পুরো সফরের বর্ণনা করেছেন সুন্দর, সাবলীল ভাষায়—যা সত্যিই মনোমুগ্ধকর। বইটি পড়তে শুরু করলে শেষ না করা পর্যন্ত উঠতে ইচ্ছে করবে না।

লেখক যেভাবে মক্কা-মদিনার বর্ণনা ফুটিয়ে তুলেছেন, তাতে মনে হচ্ছিল উমরাহ সফরে লেখকের সঙ্গী হয়ে আছি। সেই মদিনা-মক্কার বিবরণ, বায়তুল তাওয়াফ, সাফা-মারওয়া, হেরা গুহা, উহুদ পাহাড়—সবকিছু লেখক যেভাবে সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন, যেন চোখের সামনে ভেসে উঠছিল এবং সবকিছু অনুভব করতে পারছিলাম।

“উমরাহ সফরের গল্প” বইটি কেবল একটি সফরনামা নয়; বইটিতে একটুকরো সীরাতের ছোঁয়াও রয়েছে। বিভিন্ন জায়গার বর্ণনার সময় যখন সীরাতের ছোঁয়া পাচ্ছিলাম, তখন অজান্তেই খুব খুশি হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল—এই তো, আবার নতুনভাবে রাসূল (সা.)-কে জানতে পারছি; আবার সেই প্রথম সীরাত পড়ার অনুভূতি ফিরে পাচ্ছি। বইটি পড়তে পড়তে কখনো লেখকের সাথে অজান্তেই খুশি হয়ে গেছি, কখনো আবার অঝরে কেঁদেছি। লেখকের এমন আকুল-ব্যাকুল অপেক্ষা, স্বপ্নের শহরের অলিগলিতে ঘুরে বেড়ানো এবং ১৪০০ বছর পূর্বের সেই আদিম যুগের ঘ্রাণ—সবকিছুই নতুনভাবে অনুভব করার সুযোগ পেয়েছি।

“উমরাহ সফরের গল্প” বইটিতে বেশ কয়েকটি অধ্যায় রয়েছে। তার মধ্যে কয়েকটি অধ্যায় এখনো মনে গেঁথে আছে।

যেমন:

‘তারা তবুও স্বপ্ন দেখে’ — এই অধ্যায় পড়তে গিয়ে রিয়াজুল জান্নাহ সম্পর্কে জানতে পারি, যেখানে রাসূল (সা.) বলেছেন:
“আমার ঘর ও মিম্বারের মধ্যবর্তী স্থানটুকু জান্নাতের বাগানগুলোর একটি বাগান।”

এই অধ্যায়ে লেখকের সাথে এক ফিলিস্তিনি কিশোর আহমাদের আলাপের ঘটনা ছিল নিঃশব্দে সুন্দর ও মনোমুগ্ধকর—আমাদের সবার জন্য শিক্ষণীয় একটি আলাপ। সেই ফিলিস্তিনি কিশোরের বাবা ও তার পরিবারের আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস এবং মজবুত ঈমানের বহিঃপ্রকাশ নিঃশব্দে আমাদের জন্য খুবই শিক্ষামূলক একটি ঘটনা। সেখান থেকে আমরা ঈমান পরিচর্যার ধারণা নিতে পারি।

“কোথায় হে নরমদিল!” — এই অধ্যায়টি ভালো লাগার কারণ, লেখকের সাথে এক বয়স্ক চাচার পরিচয়; যার জন্মস্থান রাজশাহী। বইটিতে পড়তে গিয়ে যখন নিজের ভূমি, জন্মস্থান রাজশাহীর এক চাচার কথা লেখক উল্লেখ করেছেন, তখন অজান্তেই ভীষণ খুশি হয়েছি। মনে হয়েছে, যেন আমারই কোনো আপন মানুষের সাথে লেখকের দেখা হয়েছে। বৃদ্ধ সেই চাচার কিছু বক্তব্য এখনো মনে গেঁথে রয়েছে।

“উহুদ, আমি তোমাকে ভালোবাসি” — এই অধ্যায়ে সাহাবিদের শাহাদাত এবং রাসূল (সা.)-এর রক্তাক্ত হওয়ার ঘটনা পড়তে গিয়ে অঝরে কেঁদেছি। শেষে লেখকের সাথে মনে মনে বলেছি, “উহুদ, আমি তোমাকে ভালোবাসি।”

পরিশেষে—বরাবরের মতোই লেখকের লেখার মাধুর্য ও সহজ-সাবলীল ভাষার বর্ণনা সত্যিই মনকাড়া। “উমরাহ সফরের গল্প” বইটি পড়ার পর উমরাহ করার প্রবণতা হাজার গুণ বেড়ে গেছে। আল্লাহর ঘর দেখার ইচ্ছাও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আল্লাহর কাছে দোয়া—তিনি যেন আমাদের সবাইকে অন্তত একবার হলেও তাঁর ঘর দেখার সুযোগ করে দেন। আমিন।

এই বইয়ের আরও রিভিউ

অন্যান্য রিভিউ

সব রিভিউ দেখুন